যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর রূপ ধরে ঢাকামুখী মাদক চালানের সব চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। মহাসড়কে ঝটিকা চেকপোস্ট বসিয়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে মোঃ আমিনুল হক (২৭) নামে এক তরুণকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ বোতল ক্ষতিকারক মাদক 'ফেয়ারডিল।
গতকাল (১৯ অক্টোবর) মধ্যরাতে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাভানা সিএনজি পাম্পের সামনের এলাকায় চালানো এক রোমাঞ্চকর অভিযানে এ মাদক কারবারি আটক হয়।
ডিবি পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়মিত ও বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় সীমান্তবর্তী জাফলং থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৫২৭৩) নাভানা সিএনজি পাম্পের সামনে পৌঁছালে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়।
বাসটি থামার পর পুলিশ সদস্যরা বাসের ভেতরে উঠে তল্লাশি চালাতে থাকেন। এ সময় বাসের সিটে বসা এক যাত্রীর চালচলন সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৫ বোতল প্রসেস করা মাদক 'ফেয়ারডিল'। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আমিনুল হক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার নতুন জীবনপুর গ্রামের ফোরকান মিয়া ও এজনেহার বেগম দম্পতির সন্তান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা রাজধানী ঢাকায় সরবরাহের পরিকল্পনা ছিল তার।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৪(খ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ১৭, তারিখ: ১৯/১০/২০২৬ খ্রিঃ) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



No comments: