সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ৩,১৯০ কেজি অবৈধ ভারতীয় টমেটো এবং একটি ট্রাক আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৮ অক্টোবর, ২০২৬) গভীর রাতে আনুমানিক ১:১৫ ঘটিকায় এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় কোম্পানীগঞ্জ দিক থেকে সিলেট শহরগামী একটি হলুদ রঙের টাটা হাইড্রোলিক ট্রাককে (রেজিস্ট্রেশন নং: রাজবাড়ী-ট-১১-০২৩২) থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং চেকপোস্ট থেকে প্রায় ২০ গজ দূরে রাস্তার ওপর ট্রাকটি রেখে ট্রাকের চালক, হেলপারসহ ৩ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রক্ষিত মোট ৩,১৯০ কেজি অবৈধ ভারতীয় টমেটো উদ্ধার করে। জব্দকৃত টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ১৯ হাজার টাকা। চোরাচালাজে ব্যবহৃত ট্রাকসহ টমেটোগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে (The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারা) একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ: ১৮/১০/২০২৬ খ্রিঃ)। পলাতক চালক ও সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



No comments: